সোমবার, ১৫ জুন ২০২৬

সবশেষ

আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়, মিসৌরিতে বিমান দুর্ঘটনায় নিহত ১২

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভিং অভিযানে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে। মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিমালিকানাধীন বিমানটি সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের কিছু সময় পর অজ্ঞাত কারণে সেটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মহাসড়কের পাশে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা যায়, মহাসড়কের পাশের একটি মাঠে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, এ ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

তার ভাষায়, “বর্তমান তথ্য-উপাত্ত বিবেচনায় এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”

তিনি আরও জানান, বিমানটির মালিকানা কিংবা সংশ্লিষ্ট স্কাইডাইভিং প্রতিষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল নিউজিল্যান্ডে নকশা ও নির্মিত এক ইঞ্জিনবিশিষ্ট প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের।

এফএএর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্ত কার্যক্রমে সহায়তা করছে এফএএও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *