বুধবার, ২৪ জুন ২০২৬

সবশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের দাবি, হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন আইনজীবী। আইনটি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে বুধবার (২৪ জুন) একটি রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, আইনটি যে উদ্দেশ্যে প্রণীত হয়েছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। ফলে ভবিষ্যতে এর সম্ভাব্য অপব্যবহার বা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচারিক হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা এড়াতে আইনটি রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

এ কারণে আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে, যাতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া না হলে কেন তা হবে না, সেই ব্যাখ্যা চাওয়া হয়।

এছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের সঙ্গে সাংঘর্ষিক। সে কারণে আইনটির সংশ্লিষ্ট বিধানগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলেরও আবেদন জানানো হয়েছে।

রিটের ওপর আদালতে শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *