বুধবার, ২৪ জুন ২০২৬

সবশেষ

ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলোও গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মেলনে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়িক নেতারা বাংলাদেশের নীতিগত সুবিধা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পেয়েছেন।

এবারের প্ল্যানারি সেশনের প্রতিপাদ্য ছিল ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। অধিবেশনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ডব্লিউইএফের কোনো সম্মেলনে অংশ নিলেন তারেক রহমান।

এর আগে মঙ্গলবার দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের জলবায়ু-সহনশীলতা এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর আগ্রহ আরও বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে ডব্লিউইএফের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আলোইস জভিংগি। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *