বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সবশেষ

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন ঐকমত্য

বাংলাদেশের নদী ব্যবস্থাপনাকে আরও আধুনিক, টেকসই ও দীর্ঘমেয়াদি রূপ দিতে চীনের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছেছে ঢাকা। বিশেষ করে তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিংয়ের কারিগরি সহায়তা প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বন্যা ঝুঁকি কমাতে চলমান বৃহৎ নদী খনন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি সামগ্রিক পানিসম্পদ খাতে চীনের সহযোগিতা কামনা করেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানি সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নেওয়া উদ্যোগের প্রশংসা করে এ খাতে চীনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

লি গোওইং বলেন, ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর বাংলাদেশ সফরকারী চীনা পানি বিশেষজ্ঞদের কার্যক্রম দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে। তার মতে, বাংলাদেশ ও চীনের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিদ্যমান সহযোগিতা বাস্তব অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের দীর্ঘদিনের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। এজন্য বাংলাদেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের চীনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *