বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর পথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনায় অগ্রগতি হওয়ায় আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। খুব শিগগিরই এসব বাজার সম্পর্কেও সুখবর পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের কথাও জানান তিনি। তার ভাষ্য, মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এতে সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতি কমানোর সুযোগ তৈরি হবে। এজন্য সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বিত ও স্বচ্ছ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারও জনশক্তি রপ্তানিতে সংকট দেখা দিতে পারে।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার একাধিকবার বন্ধ ও চালুর ইতিহাস রয়েছে। ২০০৮ সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিক নিয়োগ বন্ধ হওয়ার পর ২০১৬ সালে তা পুনরায় চালু হয়। পরে একই ধরনের অভিযোগে ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া।
পরবর্তীতে ২০২২ সালের আগস্টে নতুন করে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের প্রবেশ বন্ধ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন শর্ত শিথিল ও আইনি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলতে থাকে।
এদিকে ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এখন পর্যন্ত তাদের মধ্যে প্রায় তিন হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে সক্ষম হয়েছেন। অবশিষ্ট কর্মীদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারের দাবি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। দুই দেশের সরকারের আলোচনায় আইনি জটিলতা দূর হওয়ার পথ তৈরি হওয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত করার ঘোষণা এসেছে।








