বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সবশেষ

আ.লীগের বিচার চলবে, তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার নির্বাহী আদেশের পথে হাঁটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চললেও কোনো নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হবে না। এটি বিএনপির নীতিগত অবস্থান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হওয়ার পর অভিযোগপত্র দাখিল করা হবে এবং এরপর বিচার শুরু হবে। তবে বিচার প্রক্রিয়া চললেও নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকারের নেই।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সরকার তাকে আইনের আওতায় আনতে চায়। তার ভাষায়, শেখ হাসিনা দেশে ফিরে এলে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে সরকার আইনগত প্রক্রিয়াই অনুসরণ করছে। যদি আপিলের সুযোগ থাকে, সেটিও হবে। তবে তিনি কীভাবে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

এইচএসসি পরীক্ষা নিয়ে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কোনো পরীক্ষার্থী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ভুল প্রশ্নপত্রের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, এসব সিদ্ধান্তে পরীক্ষার্থীরা সন্তুষ্ট।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিষয়টিকে সরকার অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না। কারণ, এ নিয়ে যারা বক্তব্য দিচ্ছেন, তাদের সংখ্যা খুব বেশি নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলনকে কাজে লাগিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *