মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফেরানোর লক্ষ্যে ভারত সরকারের কাছে সম্প্রতি একাধিক চিঠি পাঠানো হয়েছে। এর অংশ হিসেবেই আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, যেসব পলাতক আসামির বিরুদ্ধে আদালতের সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকর করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। ওই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।








