বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবশেষ

ইতালিতে কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনকে লাঞ্ছিত

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে ইতালির রাজধানী রোমে একদল যুবকের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নেটিজেনদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালি সফরে গিয়েছিলেন বনি আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রথমে এক ব্যক্তি বনি আমিনকে শক্তভাবে ধরে রাখেন এবং তার সঙ্গে উত্তেজিত আচরণ করেন। পরে তিনি নিজেকে ছাড়িয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে ফেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার করতে এবং অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক উচ্চারণও স্পষ্টভাবে ধরা পড়ে। এ সময় তারা বারবার বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করেন এবং একে অপরকে হামলা চালাতে উৎসাহিত করতে দেখা যায়।

যদিও ঘটনাটি ইতালির রোমে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে হামলার প্রকৃত কারণ কিংবা হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবির স্বাধীন বা আনুষ্ঠানিক কোনো সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্মগ্রহণকারী বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণ করেন এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভ্রমণভিত্তিক কনটেন্টের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিয়মিত মতামত দিয়ে থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক অনুসারী রয়েছে।

এদিকে, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর এমন হামলার ভিডিও প্রকাশ্যে আসার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *