বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবশেষ

প্রবাসীদের জন্য স্বস্তি, পাসপোর্টের তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ আরও বাড়ল

বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে তথ্য সংশোধনের সুযোগ আরও দীর্ঘায়িত করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে এবং জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে আগের আদেশের কার্যকারিতা আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা পূর্ববর্তী আদেশ অনুযায়ী এ বিশেষ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধি পাওয়ায় যেসব প্রবাসী নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন অতিরিক্ত সময় পাবেন। এতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে এবং ভ্রমণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তারা সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *