বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবশেষ

সংসদের আনুষ্ঠানিক রেফারেন্স না এলে গাজী নজরুলের এমপি পদে সিদ্ধান্ত নয়: ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের বক্তব্য, জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হলে তবেই সংবিধান ও আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল থেকে একজন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতেই তার সংসদ সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি আসতে হবে। সেই চিঠি পাওয়ার পর কমিশন সংবিধান এবং বিদ্যমান আইনের আলোকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, সংবিধানে কোনো সংসদ সদস্য নিজ রাজনৈতিক দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তবে দল কোনো সদস্যকে বহিষ্কার করলে শুধু সেই কারণেই তার সংসদ সদস্যপদ বাতিলের সুযোগ সংবিধানে নেই। তাই সংসদের আনুষ্ঠানিক নির্দেশনা ছাড়া নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে না।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। জানান, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে এবং চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তার ভাষ্য, নতুন মেয়াদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। তবে ভোটের তফসিল ঘোষণার আগে আবহাওয়ার পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখে সময় নির্ধারণ করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *