বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সবশেষ

শেখ হাসিনা দেশে ফিরলে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা, বললেন আইনমন্ত্রী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে তার ক্ষেত্রে প্রচলিত আইনই অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার এ বিষয়ে আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তার প্রত্যর্পণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ নিয়ে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এমন ধারণার ভিত্তি কী, সেটিও তিনি প্রশ্ন করেন।

মন্ত্রী বলেন, একজন ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার তার রয়েছে। তবে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। সরকার কোনো অবস্থাতেই আইনের ব্যত্যয় ঘটিয়ে পদক্ষেপ নেবে না; আইন যে ক্ষমতা দিয়েছে, সে অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার কাছে বৈধ পাসপোর্ট না থাকায় তিনি কীভাবে দেশে ফিরবেন সেই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সরকারের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বাংলাদেশের আইনগত আওতায় প্রবেশ করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি এখনো সরকারের আনুষ্ঠানিক আলোচনায় আসেনি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি ব্যাখ্যা করেন, বর্তমান সাংবিধানিক সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। ফলে আপাতত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে প্রয়োজনে সরকার চাইলে বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *