বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সবশেষ

শ্রমবাজার পুনরায় চালুর পথে অগ্রগতি, আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় যাবেন প্রবাসীরা

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মীরা মালয়েশিয়ায় যেতে শুরু করবেন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ে অনুষ্ঠিত আলোচনায় শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, সরকারি সংস্থা বোয়েসেলের (বিওইএসএল) মাধ্যমে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই নতুন কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে।

মাহদী আমিন আরও জানান, শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটের প্রভাব দূর করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে কম খরচে এবং নিরাপদ উপায়ে যাতে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেও সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *