সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ব্যবহৃত গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে বলে জানিয়েছে দলটির নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত একটি কর্মসূচি শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এনসিপির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দলটির নেতাদের সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানান, অনুষ্ঠান শেষে ফেরার সময় সারজিস আলমের গাড়িতে হামলা করা হয়। একই সময় এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। পাশাপাশি কয়েকজন শহীদ পরিবারের সদস্যকে বহনকারী গাড়িও হামলার শিকার হয়েছে বলে জানান তিনি।
দলের স্থানীয় নেতাদের ভাষ্য, অডিটোরিয়াম এলাকা থেকে গাড়িবহর বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ করেন। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িক উত্তেজনা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিক্ষেপ করা বস্তুটি ছিল কোমল পানীয়ের ছোট বোতল। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় ঘটনাস্থলে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সময় সারজিস আলমের গাড়ি এবং গোলাপগঞ্জ পৌরসভার সামনে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িটি সিলেটের উদ্দেশে রওনা দেয়।
এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি হামলার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানে উপজেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এনসিপির নেতারা তাদের সঙ্গে কথা বলেন।








