রবিবার, ২ আগস্ট ২০২৬

সবশেষ

আগামী মাসের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর আশা সরকারের

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে ২০২৬–৩০ সাল মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাহ্দী আমিন বলেন, বিদেশগামী কর্মীদের আন্তর্জাতিক কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সরকার ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা এবং সাংস্কৃতিক বোধ উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বিদেশে কর্মীদের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, অভিবাসন খাতে সক্রিয় অসাধু চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, আন্দামান হয়ে থাইল্যান্ডের রুট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধেও অভিযান চলছে।

এ সময় তিনি আরও জানান, প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবং সেবা সহজ করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *