জুলাই সনদ ইস্যুতে বিরোধী দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক ভাষার প্রতিফলন দেখা যাচ্ছে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের নেতারা এখন এমন ভাষায় কথা বলছেন, যা একসময় শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল ছিল।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, একটি পক্ষ থেকে বিএনপি এটি গ্রহণ করছে না বলে প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। তার দাবি, বিএনপিই সংস্কারের পক্ষে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল।
তিনি জানান, জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে গণভোট আয়োজনের প্রস্তাবের সঙ্গে দলটি একমত নয়। বিএনপি শুরু থেকেই বলে আসছে, গণভোটের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার সুযোগ তৈরি হতে পারে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জুলাই সনদে উল্লেখিত বিষয়গুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বাস্তবায়ন হবে জাতীয় সংসদের মাধ্যমে।
তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে নিয়ে কাজ করতে চায়।








