সোমবার, ৩ আগস্ট ২০২৬

সবশেষ

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু পরে বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা নিশ্চিত করা এবং সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সহজপ্রাপ্য করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল তৈরি করা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানো হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি গ্রহণের আগ্রহ বাড়বে। তাই সরকারি পর্যায় থেকেই এ উদ্যোগের বাস্তবায়ন শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ এবং ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা এবং এর অর্থনৈতিক সুফল তুলে ধরে। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

এ সময় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এর অর্থনৈতিক সুবিধা ও ব্যবহারিক দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। উপস্থাপনায় জানানো হয়, সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরিচালনা করা সম্ভব।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *