সরকারের যেসব সিদ্ধান্ত ও অবস্থান জনস্বার্থবিরোধী বলে মনে করবে, সেগুলোর বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণবিরোধী কোনো অবস্থান তারা মেনে নেবেন না।
সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান গোলাম পরওয়ার।
বৈঠকে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়। সংবাদপত্রের সম্পাদকরা গণতন্ত্রের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের পাশে থাকার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।
পরে গোলাম পরওয়ার বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীন ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেশের স্বার্থে সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার জন্য সংবাদপত্রের সম্পাদকদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারের ১৮০ দিনের মূল্যায়নে এনসিপির সমালোচনা
এদিকে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সোমবার রাজধানীর বাংলামোটরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। তার অভিযোগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি সরকার চরম ব্যর্থ হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সেটি দেশের জন্য অবমাননাকর পরিস্থিতি তৈরি করবে।








