রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সবশেষ

দেশে ফেরার তিন দিনের মাথায় প্রবাসী হৃদয়কে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

সৌদি আরব থেকে দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় রাজধানীর মোহাম্মদপুরে হামলার শিকার হন প্রবাসী লস্কর হৃদয় (২৫)। তাকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন শান্ত (২৫) ও বিল্লাল ওরফে কালা বিল্লাল (২৫)। পুলিশের দাবি, হৃদয়ের সঙ্গে এক তরুণীর পুরোনো সম্পর্ক এবং দেশে ফেরার পরও ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় হৃদয়কে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। মামলার তদন্তে নেমে অভিযান চালিয়ে শান্ত ও বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে যাওয়ার আগে হৃদয়ের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে ওই তরুণীর বিয়ে হয় মামলার এক নম্বর আসামি মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্নার সঙ্গে।

বিয়ের পরও ওই তরুণী হৃদয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানায় পুলিশ। বিষয়টি নিয়ে মুন্না তাদের একাধিকবার সতর্ক করার পাশাপাশি হুমকিও দেন বলে দাবি করা হয়েছে। এরপর প্রায় তিন বছর পর দেশে ফেরেন হৃদয়। দেশে ফেরার তিন দিনের মধ্যেই তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল এবং সাইফুল ওরফে ঘাড়কাটা সাইফুল। এ ছাড়া কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *