দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য দক্ষ কর্মী ভিসায় যাওয়ার পথ কিছুটা সহজ হয়েছে। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারলে এখন কোরিয়ান ভাষার পরীক্ষা বা ভাষার সনদ ছাড়াই ই-৭-৪ (দক্ষ কর্মী) ভিসার জন্য আবেদন করা যাবে।
দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা (এইচআরডি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিউলের বাংলাদেশ দূতাবাসও দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের বিষয়টি জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা বা সনদ ছাড়াই ই-৭-৪ ভিসার আবেদন করার সুযোগ থাকছে। তবে আবেদনকারীকে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং ব্যবস্থায় ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট অর্জন করতে হবে।
ভাষার সনদ কখন লাগবে?
ভাষার পরীক্ষায় সাময়িক ছাড় থাকলেও এটি পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ই-৭-৪ ভিসা নবায়নের সময় আবেদনকারীকে কোরিয়ান ভাষার সনদ জমা দিতে হবে।
এ ছাড়া পরিবারের সদস্যদের দক্ষিণ কোরিয়ায় নেওয়ার প্রক্রিয়া শুরু করতে গেলেও ভাষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
কারা ই-৭-৪ ভিসার জন্য আবেদন করতে পারবেন?
ই-৭-৪ ভিসার জন্য আবেদন করতে হলে গত ১০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে কর্মস্থলের অবস্থান অনুযায়ী এ শর্তে কিছুটা ছাড় রয়েছে। রাজধানী সিউলের বাইরে কাজ করলে অন্তত তিন বছরের এবং জনসংখ্যা কম এমন এলাকায় কাজ করলে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই যোগ্য হওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া আবেদনকারীকে তার বর্তমান কর্মস্থলে কমপক্ষে এক বছর কাজ করতে হবে।
আবেদনের ক্ষেত্রে নিয়োগকর্তার সুপারিশপত্র এবং বছরে কমপক্ষে ২৬ মিলিয়ন ওন বেতনে দুই বছরের চাকরির চুক্তিপত্র থাকাও প্রয়োজন হবে।
১৫০ পয়েন্টেই কেন আবেদন করা যাবে?
সাধারণ নিয়মে ই-৭-৪ ভিসার জন্য ‘কে-পয়েন্ট’ ব্যবস্থায় ২০০ পয়েন্ট প্রয়োজন হয়। তবে চলতি বছরের শেষ পর্যন্ত কোরিয়ান ভাষার যোগ্যতার শর্তে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এই ছাড়ের ফলে নির্দিষ্ট অন্যান্য শর্ত পূরণকারী আবেদনকারীরা কমপক্ষে ১৫০ পয়েন্ট থাকলেও ই-৭-৪ ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন।
ই-৭-৪ ভিসায় কী সুবিধা?
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ই-৯ ভিসায় কর্মরত অদক্ষ বিদেশি কর্মীরা সর্বোচ্চ চার বছর ১০ মাস থাকার সুযোগ পান।
অন্যদিকে, ই-৭-৪ হলো দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত ভিসা। ফলে এই ভিসায় পরিবর্তন করতে পারলে তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে দক্ষিণ কোরিয়ায় বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়।
বাংলাদেশি কর্মীদের জন্য কোরিয়ান ভাষার পরীক্ষার সাময়িক এই ছাড় তাই ই-৯ থেকে ই-৭-৪ ভিসায় যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
কোথায় যোগাযোগ করবেন?
ভিসা ও আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে নিশ্চিত তথ্য জানতে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার ১৩৪৫ অথবা এইচআরডি কোরিয়া সেন্টার ১৫৭৭-০০৭১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে আবেদন করার আগে নিজের পয়েন্ট, কাজের অভিজ্ঞতা, বর্তমান চাকরির মেয়াদ, বেতন ও নিয়োগকর্তার সুপারিশসহ সব শর্ত পূরণ হচ্ছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।








