সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সবশেষ

ওয়ার্ক পারমিট পাওয়ার দুই দিন পরই স্পেনে অগ্নিকাণ্ডে প্রবাসীর মৃত্যু!

স্পেনে কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিনের মাথায় অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। রোববার (৩০ আগস্ট) দেশটির রাজধানী মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার।

অগ্নিকাণ্ডের আগে গ্যারেজের ভেতর থেকে সহকর্মীদের উদ্দেশে আলিফের আকুতি ছিল, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ কিন্তু শেষ পর্যন্ত আর বের হতে পারেননি তিনি।

মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে উন্নত জীবনের আশায় স্পেনে যান আলিফ। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর গত দুই দিন আগে তিনি কাজের অনুমতিও পেয়েছিলেন। ফুড ডেলিভারির কাজ করতেন তিনি।

রোববার প্রতিদিনের মতো ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ওই গ্যারেজে যান আলিফ। সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর গ্যারেজের ভেতরে আটকা পড়েন আলিফসহ তার দুই সহকর্মী। ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। এ সময় সহকর্মীদের কাছে বাঁচার আকুতি জানান আলিফ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দুই সহকর্মীও অগ্নিদগ্ধ হয়েছেন এবং তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনের খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের জরুরি সমন্বয় কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেন।

নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।

জীবিকার তাগিদে স্পেনে পাড়ি জমানো আলিফের নতুন কর্মজীবন শুরু হওয়ার আগেই এমন মর্মান্তিক পরিণতি হলো। কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিন পরই অগ্নিকাণ্ডে তার প্রাণহানি পরিবার ও স্বজনদের জন্য আরও বড় শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *