রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ইতালিতে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের শফিকুল ইসলাম (২৮)। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেই দেশে থাকা বাবা-মাকে ঘিরে ছিল তার নানা পরিকল্পনা। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইতালির নাপলি শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী যুবক।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নাপলি শহরের একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর ইউনিয়নের দর্জিবাড়ি ব্রিজ এলাকার নসু প্রামাণিকের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তারা জানতে পারেননি।

শফিকুলের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর থেকেই তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা নির্বাক হয়ে পড়েছেন। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে মিঠাপুরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্বজনরা জানান, পরিবারের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ আরও ভালো করার আশায় বিদেশে গিয়েছিলেন শফিকুল। তার মৃত্যুতে সেই পরিবারের সব স্বপ্ন যেন মুহূর্তেই থমকে গেছে।

এখন তাদের একমাত্র চাওয়া, যত দ্রুত সম্ভব শফিকুলের মরদেহ দেশে ফিরিয়ে আনা। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *