বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নেতৃত্বের নতুন দৃষ্টান্ত তৈরি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে এই প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন।

মঙ্গলবার রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে ডেপুটি মেয়র নির্বাচিত হন এলিজা আজাদ।

তার এই নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এলিজার এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসীরা এলিজাকে অভিনন্দন জানান। রহমাতউল্লাহ বলেন, তার বিজয় বহুজাতিক ও বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

তার মতে, এলিজার এই অর্জন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে মূলধারার কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রেও উৎসাহ দেবে।

‘অস্ট্রেলিয়ার রাজনীতিতে অবস্থান তৈরি সহজ ছিল না’
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তবে তার লক্ষ্য শুধু নিজের রাজনৈতিক পথ তৈরি করা নয়; নারীরা যাতে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও বেশি জায়গা করে নিতে পারেন, সেটিও তিনি চান।

এই পথচলায় পরিবারের ভূমিকার কথাও তুলে ধরেছেন এলিজা। স্বামী, সন্তানসহ পরিবারের সদস্যদের কাছ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি।

একই সঙ্গে বাংলাদেশি কমিউনিটি এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সমর্থনকেও নিজের অনুপ্রেরণার বড় উৎস হিসেবে উল্লেখ করেন এলিজা আজাদ।

প্রবাসীদের প্রত্যাশা আরও বড়
এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি তাকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে।

সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে বাংলাদেশি বংশোদ্ভূতদের রাজনৈতিক উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে এলিজা আজাদের নির্বাচনের তাৎপর্য আলাদা, অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্বে বসেছেন তিনি। তার এই পথচলা অস্ট্রেলিয়ার রাজনৈতিক পরিসরে বাংলাদেশি নারীদের অংশগ্রহণের নতুন সম্ভাবনার কথাই সামনে আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *