রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, নিবন্ধন ১২-২০ সেপ্টেম্বর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশে না ফিরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তারা। এ জন্য প্রবাসী ভোটারদের আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ইসি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা থাকছে। এর আওতায় বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট আসনের ভোটারদের নতুন করে নিবন্ধনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

তবে শুধু প্রবাসীরাই নন, আইন অনুযায়ী আরও কয়েক শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এর মধ্যে রয়েছেন নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাগার বা আইনগত হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।

৩৩ দেশের ৩৮৬ প্রবাসী ভোটার ছিলেন গতবার

ইসি সূত্রে জানা গেছে, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৩টি দেশ থেকে মোট ৩৮৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। এবার অংশগ্রহণ বাড়তে পারে বিবেচনায় সর্বোচ্চ ৫০০ জন প্রবাসী ভোটারের জন্য প্রস্তুতি রাখা হয়েছে।

আগেরবার যারা প্রবাসী ভোটার হিসেবে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগ করবে নির্বাচন কমিশন। ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে উপনির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে তাদের সম্মতি নেওয়া হতে পারে। সম্মতি পাওয়া গেলে তাদের দেওয়া বর্তমান বিদেশি ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

এদিকে, আগের নির্বাচনে নিবন্ধন না করা প্রবাসীরাও এবার নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন।

ঠিকানা দেওয়ার ক্ষেত্রে সতর্কতার নির্দেশ

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় ঠিকানার তথ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন। অ্যাপে বাংলাদেশে থাকা কোনো ঠিকানা দেওয়া যাবে না। বর্তমানে বিদেশে যে ঠিকানায় অবস্থান করছেন, সেটিই উল্লেখ করতে হবে।

ঠিকানা অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। রাস্তা, ভবন, ব্লক, শহর, স্টেট বা প্রভিন্সসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। একই সঙ্গে পোস্টাল বা জিপ কোডও নির্ভুলভাবে উল্লেখ করার নির্দেশনা দিয়েছে ইসি।

২৯ অক্টোবর ভোট

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, আসনটিতে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে ১৮৫টি কেন্দ্র ও ৯৮৯টি ভোটকক্ষ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ফলে ২৯ অক্টোবর ভোটের দিন দেশে উপস্থিত থাকতে না পারলেও বিদেশে থাকা ঠাকুরগাঁও-১ আসনের যোগ্য ভোটাররা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *