রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি আরবে অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় এক সপ্তাহের যৌথ অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৫৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে চালানো তল্লাশি অভিযানে মোট ১৪ হাজার ৭৯৬ জন আটক হন।

আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি, ৭ হাজার ৫০৪ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে আটক হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। আর শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ৫০৯ জনকে।

অবৈধ প্রবেশের চেষ্টায় আটক ১,২৭৩
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ২৭৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৫ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। ৪৪ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া অবৈধ পথে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

আইন লঙ্ঘনের ঘটনায় শুধু আটকের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকেনি। এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জনকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ১৮ হাজার ৬৭৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

আরও ৩ হাজার ৪৮৭ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

আশ্রয় ও সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা
সৌদি আরবে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে দেশটিতে মোট ৩০ হাজার ২৫৭ জন অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২৯ জন পুরুষ এবং ১ হাজার ৭২৮ জন নারী।

অবৈধ প্রবেশে সহায়তায় ১৫ বছরের কারাদণ্ড
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের কাজে অন্য কোনো সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এর সঙ্গে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধানও রয়েছে। এমন অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধভাবে আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি জব্দ করার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *