সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ওয়াশরুমে নেমে বাস হারালেন প্রবাসী, ৯৯৯-এ ফোনে মিলল পাসপোর্ট-লাগেজ

সৌদি আরব থেকে দেশে ফেরার পরই বিপাকে পড়েছিলেন ঠাকুরগাঁওয়ের মোজাম্মেল। ঢাকার বিমানবন্দর থেকে বাসে বাড়ির পথে দিনাজপুরের দশমাইলে ওয়াশরুমে নেমেছিলেন তিনি। কিন্তু ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে।

সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল বাসে থাকা তার দুইটি পাসপোর্ট, প্লেনের টিকিট ও বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ। এ অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান তিনি। পরে পুলিশের দ্রুত তৎপরতায় চলন্ত বাসটি থামিয়ে উদ্ধার করা হয় তার সব জিনিসপত্র।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

৯৯৯-এ ফোন করে মোজাম্মেল জানান, তিনি সৌদিপ্রবাসী। গতকাল ঢাকার বিমানবন্দরে পৌঁছে আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে দিনাজপুরের দশমাইলে যাত্রী ওঠানোর জন্য বাসটি থামে। তখন তিনি বাসের সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে মোজাম্মেল দেখতে পান, বাসটি সেখানে নেই। পরে তিনি বুঝতে পারেন, তাকে রেখেই বাসটি চলে গেছে। অথচ তার প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল সবই বাসের ভেতরে রয়ে গেছে।

পরিস্থিতি বুঝে তিনি দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দেন। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য বীরগঞ্জ থানাকে জানানো হয়। উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহিদ মিনার মোড়ে অবস্থান নেয়। সেখানে চলন্ত বাসটি থামিয়ে মোজাম্মেলের দুইটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

পরে থানায় গিয়ে নিজের জিনিসপত্র বুঝে নেন মোজাম্মেল। দেশে ফেরার পরপরই হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়া ওই প্রবাসী শেষ পর্যন্ত ৯৯৯ নম্বরে একটি ফোনের মাধ্যমে ফিরে পান তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সব মালামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *