বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আপত্তি উঠলে তা হবে জুলুম: শফিকুর রহমান

প্রবাসে থাকলেও নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশিদের বঞ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, একজন নাগরিক দেশের ভেতরে থাকুন বা বিদেশে, ভোটার হিসেবে নিবন্ধিত থাকলে তার ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে সেটি জুলুম ও অবিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজার: বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটের সুযোগ বাদ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে তারা শুনছেন। এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রবাসী নাগরিকদের প্রতি অন্যায় হবে এবং জামায়াত তা মেনে নেবে না।

শফিকুর রহমান বলেন, ‘এখন তারা ভোটার, তারা দেশে না প্রবাসে, এটা তাদের দোষ নয়। তারা যেখানেই থাকুক, তাদের ভোট দেওয়া নিশ্চিত করতে হবে। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

জনগণের ভোটাধিকার ও রায়ের প্রতি সম্মান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি দল, এবং বিরোধী দল আর কোনো বিজয় চাই না। আমরা বিজয় চাই জনগণের।’

শফিকুর রহমান জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের সাত দফা দাবি রয়েছে। এসব দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না বলেও ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *