কুমিল্লার কোটবাড়ী এলাকায় বাসা থেকে নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে কিছুক্ষণ আগে তার মরদেহ পাওয়া যায়।
নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী গন্ধমতি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বের হওয়ার সময় তার সঙ্গে ছিল আইফোন।
বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
নিখোঁজের পর অনুসন্ধানের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে অপ্রতীমের মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি ঘিরে ওই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। অপ্রতীমের মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।








