শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

মানিকগঞ্জে ঘরের দরজা না খোলায় সন্দেহ, স্ত্রী-কন্যাসহ মিলল প্রবাসীর মরদেহ

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একটি ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকার পর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের তিনজনের মরদেহ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির একটি কক্ষ থেকে সৌদি আরবপ্রবাসী আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরল হকের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। মা, ভাই ও ভাবির সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা বাড়লেও আকরাম ও তার স্ত্রী ঘরের দরজা খুলছিলেন না। এতে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন।

প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনজনের মরদেহ দেখতে পান। এ সময় আকরামকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

ঘরের ভেতর আকরামের স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। দেড় বছরের শিশু আলিজার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *