শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

ফটিকছড়িতে ঘরে ঢুকে পরিবারকে জিম্মি, প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণ-টাকা লুট

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্য জুবায়দুল ইসলাম জানান, রাতের কোনো একসময় ডাকাতরা হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে নিয়ে হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে ডাকাতরা সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির জন্য ঘরে রাখা আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

জুবায়দুল ইসলাম বলেন, ডাকাতরা বেশ কিছু সময় ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে একের পর এক কক্ষে তল্লাশি চালায়। পরে বাড়ির আশপাশে ডাকাতদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।

ডাকাতদের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন প্রবাসী খোরশেদুল আলমও। তিনি বলেন, ঘরে ঢুকেই ডাকাতরা তার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এরপর পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *