মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে একটি আমেরিকান পরিবারের সঙ্গে থেকে স্থানীয় একটি হাইস্কুলে এক সেমিস্টার পড়াশোনা করবেন। এর পাশাপাশি দেশটির সংস্কৃতি, সমাজ ও জীবনযাপন সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন তারা।

শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ
ইয়েস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিটির অন্যতম লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলা। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেমন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানবেন, তেমনি নিজেদের দেশ, সংস্কৃতি ও অভিজ্ঞতার কথাও মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।

মেধার ভিত্তিতে হবে নির্বাচন
আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে বাছাই করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনসংক্রান্ত তথ্য বা কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে yesinfo@iearnbd.org অথবা DhakaUSExchanges@State.gov ঠিকানায় ই-মেইল করা যাবে।

আবেদনের জন্য আইইএআরএন বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে: www.iearnbd.org।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *