বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অনলাইনে একটি পোস্ট, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে স্থানীয় আইন ও প্রতিষ্ঠানের নীতিমালা বিবেচনার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার ‘প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য করণীয় ও বর্জনীয়’ শিরোনামে প্রকাশিত এক নির্দেশনায় এসব পরামর্শ দেয় মানামার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ইতিবাচকভাবে ব্যবহার করা যেতে পারে। তবে কোনো কনটেন্ট প্রকাশের আগে বাহরাইনের আইন, সাইবার বিধিমালা, কর্মস্থলের নীতিমালা এবং দেশটির ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে।
কর্মস্থলের ছবি-ভিডিও প্রকাশে সতর্কতা
চাকরি বা কর্মস্থল নিয়ে কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
একই সঙ্গে বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা, কর্মস্থল এবং নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর কোনো স্থানের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংঘাত নিয়ে উসকানিমূলক পোস্ট নয়
আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা মন্তব্য করার ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।
বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েল সংঘাতসহ আন্তর্জাতিক কোনো বিষয়ে এমন পোস্ট, মন্তব্য বা কনটেন্ট প্রকাশ না করতে বলা হয়েছে, যা উসকানিমূলক বা বিতর্কিত হতে পারে এবং স্থানীয় আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।
সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক কিংবা মন্তব্য থেকেও সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাহরাইনে নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশনাও রয়েছে।
ব্যক্তিগত তথ্য অনলাইনে নয়
প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও নির্দেশনায় গুরুত্ব পেয়েছে। পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক হিসাবসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরিচিত ব্যক্তি, অজানা লিংক বা সন্দেহজনক বার্তার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। ফিশিং ও বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা এড়াতে অপরিচিত কোনো লিংকে প্রবেশ বা তথ্য দেওয়ার আগে সতর্ক হওয়ার পাশাপাশি অনলাইনে কোনো তথ্য, ছবি বা বার্তা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে বলা হয়েছে।
ভুয়া চাকরি ও দ্রুত আয়ের প্রলোভন
বিদেশে থাকা প্রবাসীদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার আশঙ্কার কথাও তুলে ধরেছে দূতাবাস। ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসার প্রস্তাব, দ্রুত ও সহজে বিপুল অর্থ আয়ের প্রলোভন এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্বেষমূলক বক্তব্য এড়িয়ে চলার আহ্বান
ধর্মীয়, জাতিগত কিংবা বর্ণগত বিদ্বেষ ছড়াতে পারে, এমন মন্তব্য বা বিতর্কে জড়াতেও নিষেধ করেছে দূতাবাস। কোনো ধরনের অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করে এমন পোস্ট কিংবা মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাসের সামগ্রিক নির্দেশনায় প্রবাসীদের অনলাইনে ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি স্থানীয় আইন, সামাজিক মূল্যবোধ এবং কর্মস্থলের নিয়মকানুনের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।








