শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রে শিক্ষকতা-গবেষণার সুযোগ, বাংলাদেশিদের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশি শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ পেশাজীবীদের জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও গবেষণার সুযোগ নিয়ে এসেছে মার্কিন সরকারের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ কর্মসূচিতে নির্বাচিতরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা পরিচালনার পাশাপাশি শিক্ষকতার সুযোগ পাবেন।

আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ কর্মসূচির জন্য আবেদন করা যাবে। আগামী বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচিতদের কার্যক্রম।

অভিজ্ঞ শিক্ষক ও গবেষকদের জন্য সুযোগ
কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, এমন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত গবেষকেরা এ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীর উচ্চতর ডিগ্রি হিসেবে পিএইচডি অথবা সমমানের পেশাগত ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নিজস্ব বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।

গত পাঁচ দশকে ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের মাধ্যমে প্রায় ২০০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকের পাশাপাশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন খাতের পেশাজীবীরাও ছিলেন।

অনুদানের সঙ্গে যেসব সুবিধা
নির্বাচিত স্কলারদের জন্য কর্মসূচিটির আওতায় বিভিন্ন ধরনের আর্থিক ও আনুষঙ্গিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, টিউশন ফি, যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমানভাড়া, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি, বই ও প্রয়োজনীয় পাঠ্যসামগ্রী কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমান এবং ভ্রমণ ও লাগেজ ভাতা।

আবেদনের প্রধান শর্ত
এ কর্মসূচিতে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। আবেদনকারীর শিক্ষকতার অভিজ্ঞতাও থাকতে হবে। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা ও সাবলীল যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।

তবে যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তারা এ অনুদানের জন্য বিবেচিত হবেন না। আগে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পেয়েছেন, এমন ব্যক্তিদের পুনরায় অনুদান পাওয়ার সুযোগও অত্যন্ত সীমিত।

আবেদনে যেসব কাগজপত্র প্রয়োজন
অনলাইন আবেদনের সময় নির্ধারিত নথিগুলো ইলেকট্রনিকভাবে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে, পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), তিনটি সুপারিশপত্র এবং আমন্ত্রণকারী মার্কিন প্রতিষ্ঠানের চূড়ান্ত আমন্ত্রণপত্র।

অনলাইনে যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্রথমে নির্ধারিত অনলাইন আবেদনব্যবস্থায় একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট সব নথি অনলাইনে আপলোড করতে হবে।

আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, নির্দেশনা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলাদেশবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *