ভারতীয় ভিসার আবেদন করতে এখন থেকে মূল আবেদনপত্রের পাশাপাশি নতুন একটি অঙ্গীকারনামাও জমা দিতে হবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সব ধরনের ভিসার আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে ‘Visa Undertaking Form’ জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। ফলে নতুন নিয়মে আবেদনকারীদের অনলাইনে ভিসার ফরম পূরণের সময় এই অঙ্গীকারনামা পূরণ করে স্ক্যান করা কপিও আপলোড করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ধরনের অঙ্গীকারনামা গ্রহণ করা হবে না। অর্থাৎ আবেদনকারীদের অবশ্যই হাইকমিশনের সরবরাহ করা ফর্ম ব্যবহার করতে হবে। অন্য ফরম্যাটে জমা দেওয়া হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
যেভাবে জমা দিতে হবে নতুন ফর্ম
নতুন নিয়ম অনুসারে আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে স্ক্যান করতে হবে। সবশেষে NIC Visa Application Portal-এ অনলাইনে ভিসার আবেদনের সঙ্গে স্ক্যান করা ফর্মটি আপলোড করতে হবে।
ফর্মে ব্যক্তিগত যে ৫টি তথ্য দিতে হবে
এক পাতার এই অঙ্গীকারনামার প্রথম অংশে আবেদনকারীর ব্যক্তিগত পরিচিতি চাওয়া হয়েছে। সেখানে পাঁচটি তথ্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। এগুলো হলো,
১. পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম।
২. পাসপোর্ট নম্বর।
৩. জাতীয়তা।
৪. জন্মতারিখ।
৫. ঢাকায় বর্তমান ঠিকানা।
এরপর দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হচ্ছে, সেটি স্পষ্টভাবে লিখতে হবে।
ভারত সফর নিয়ে দিতে হবে তিনটি অঙ্গীকার
ফর্মের পরবর্তী তিনটি অংশে আবেদনকারীকে কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিতে হবে।
প্রথমত, ভিসার আবেদন যে উদ্দেশ্যে করা হচ্ছে, ভারতে অবস্থানকালে শুধু সেই উদ্দেশ্যেই সফর করবেন বলে ঘোষণা দিতে হবে। একই সঙ্গে জানাতে হবে, আবেদন জমা দেওয়ার তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের মধ্যে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক।
দ্বিতীয়ত, সফর শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে আসার অঙ্গীকার করতে হবে। কোনো অবস্থাতেই ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না বলে ঘোষণা দিতে হবে।
তৃতীয়ত, ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধি-বিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে। কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়েও অঙ্গীকার করতে হবে। ফর্মে উল্লেখ রয়েছে, আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা-মায়ের স্বাক্ষর বাধ্যতামূলক
ফর্মের সব তথ্য পূরণ করার পর আবেদনকারীকে নিজের স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা রয়েছে। তাদের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া অঙ্গীকারনামায় বাবা ও মা উভয়কেই স্বাক্ষর করতে হবে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসার আবেদনকারীদের মূল আবেদনপত্রের পাশাপাশি অঙ্গীকারনামার তথ্যও সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। বিশেষ করে পাসপোর্টের সঙ্গে ব্যক্তিগত তথ্যের মিল, সফরের উদ্দেশ্য এবং প্রয়োজনীয় স্বাক্ষর নিশ্চিত না করে ফর্ম আপলোড করলে আবেদনপ্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদন জমা দেওয়ার আগে হাইকমিশনের নির্ধারিত ফরম্যাট ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।








