রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সবশেষ

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জাহাঙ্গীর আলমের। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী মামলাটির বাদী হন। মামলা হওয়ার পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা সিএমপি অফিসার্স মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ। তিনি জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে এই গ্রেপ্তারের আগে থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চলছিল। গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক ব্যবহারের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এর পরদিন বুধবার (১১ নভেম্বর) জাহাঙ্গীর আলমকে আটকের খবর ছড়িয়ে পড়লেও তখন তা নাকচ করেন ডিআইজি। তিনি জানিয়েছিলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।

উল্লেখ্য, এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *