রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সবশেষ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি কর্মী নিয়োগ, আবেদন শুরু যেদিন থেকে

ইতালিতে কাজের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিসহ ৩৭ দেশের নাগরিকেরা। ২০২৭ সালে বিভিন্ন খাতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপের দেশটি। ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। তবে বিপুলসংখ্যক কর্মী নেওয়া হলেও বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো কোটা রাখা হয়নি।

ইতালির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের নিয়োগ কার্যক্রমে তিন ধরনের কর্মসংস্থানের সুযোগ থাকছে। এর মধ্যে অমৌসুমি কাজে ৭৬ হাজার ২০০ জন, মৌসুমি কাজে ৮৯ হাজার জন এবং স্বনির্ভর পেশায় ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। অমৌসুমি কর্মীদের বরাদ্দের মধ্যে পারিবারিক পরিচর্যা খাতের জন্য রাখা হয়েছে ১৪ হাজার পদ।

চার ধাপে জমা হবে নিয়োগের আবেদন
ইতালিতে কর্মী নিয়োগের জন্য প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

তবে বিদেশি কর্মীদের সরাসরি আবেদন করার সুযোগ নেই। ইতালিতে যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিতে আগ্রহী, তাঁদেরই নির্ধারিত নিয়মে আবেদন জমা দিতে হবে।

২০২৭ সালের বিভিন্ন খাতে আবেদন জমার সময়সূচি নির্ধারণ করা হয়েছে এভাবে,

১২ জানুয়ারি: কৃষি খাতে মৌসুমি কর্মী নিয়োগ।
৯ ফেব্রুয়ারি: পর্যটন খাতে মৌসুমি কর্মী নিয়োগ।
১৬ ফেব্রুয়ারি: অমৌসুমি খাতে কর্মী নিয়োগ।
১৮ ফেব্রুয়ারি: পারিবারিক পরিচর্যা খাতে কর্মী নিয়োগ।

নির্ধারিত প্রতিটি তারিখে ইতালির স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

বাংলাদেশিদের যেসব বিষয় মাথায় রাখতে হবে
বাংলাদেশের জন্য আলাদা কোটা না থাকায় ইতালিতে কাজের সুযোগ পেতে আগ্রহীদের বৈধ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সতর্ক থাকতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আবেদন করার আগে ইতালির নিয়োগকর্তার বৈধতা এবং চাকরির প্রস্তাবের সত্যতা নিশ্চিত করা জরুরি।

পাশাপাশি ভিসা ও কর্মসংস্থানসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তাঁরা। বিশেষ করে দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে আগাম অর্থ লেনদেন না করার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

২০২৭ সালের ডিক্রেতো ফ্লুসি কর্মসূচিতে বাংলাদেশিদের জন্য ইতালির শ্রমবাজারে কাজের সুযোগ থাকলেও নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি কর্মী নিজে নয়, বরং ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তাকেই নির্ধারিত সময়ে আবেদন জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *