রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সবশেষ

থাইল্যান্ডে উচ্চশিক্ষায় বড় সুযোগ, মাস্টার্স-পিএইচডিতে মিলবে সম্পূর্ণ সরকারি বৃত্তি

বিদেশে উচ্চশিক্ষার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের চিন্তা ছাড়াই মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এ সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় ২০২৭ সালের আগস্ট সেমিস্টারে ভর্তির জন্য বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এই বৃত্তির আওতায় শুধু বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নয়, আবাসন ও জীবনযাত্রার ব্যয়ও বহন করা হবে। যোগ্য প্রার্থীরা আগামী ১ মার্চ ২০২৭ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টেকসই উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।

কোন পর্যায়ে কী বৃত্তি দেওয়া হবে
রয়েল থাই গভর্নমেন্টের অর্থায়নে পিএইচডি ও স্নাতকোত্তর পর্যায়ে একাধিক বৃত্তির ব্যবস্থা রয়েছে।

পিএইচডি: হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ।
মাস্টার্স: হিজ ম্যাজেস্টি দ্য কিংস স্কলারশিপ, হার ম্যাজেস্টি দ্য কুইনস স্কলারশিপ এবং লুম নাম খং পিজাই (জিএমএস) স্কলারশিপ।

বৃত্তিতে কত টাকা ও কী সুবিধা মিলবে
বৃত্তির ধরন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদে পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহনের ব্যবস্থা রাখা হয়েছে।

পিএইচডি প্রার্থীদের জন্য:

বৃত্তির মেয়াদ ৪১ মাস বা সাত সেমিস্টার।
সম্পূর্ণ টিউশন ফি ও রেজিস্ট্রেশন ফি বহন।
আবাসন ব্যয়।
জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ।
একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার থাই বাত।

মাস্টার্স প্রার্থীদের জন্য:

বৃত্তির মেয়াদ ২২ মাস।
টিউশন ফি।
আবাসন ব্যয়।
জীবনযাত্রার খরচ।
একজন শিক্ষার্থীর জন্য বৃত্তির আনুমানিক মূল্য ১১ লাখ থাই বাত।

আবেদনের যোগ্যতা কী
বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতার নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

পিএইচডি প্রোগ্রাম:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।
দুটি সুপারিশপত্র জমা দিতে হবে।
একটি গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল) দিতে হবে।

মাস্টার্স প্রোগ্রাম:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সিজিপিএ ৪-এর মধ্যে অন্তত ৩.৫ অথবা সমমানের ফল থাকতে হবে।

ইংরেজি ভাষায় দক্ষতা
মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীদের ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএসে ওভারঅল স্কোর এবং রাইটিং বিভাগে আলাদাভাবে অন্তত ৬.০ থাকতে হবে। বিকল্প হিসেবে এআইটির ইংলিশ এন্ট্রান্স টেস্টে ন্যূনতম ৬.০ স্কোর গ্রহণযোগ্য।

যেভাবে আবেদন করবেন
এ বৃত্তির জন্য আলাদা কোনো আবেদন ফরম পূরণ করতে হবে না। আগ্রহী শিক্ষার্থীদের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির অনলাইন অ্যাডমিশন পোর্টালে গিয়ে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের সময় স্টেটমেন্ট অব পারপাসে (এসওপি) রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার আগ্রহের বিষয়টি উল্লেখ করতে হবে। চাইলে এ বিষয়ে আলাদা একটি ফাইল তৈরি করেও আবেদন পোর্টালে আপলোড করা যাবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র প্রয়োজন হবে:

শিক্ষাগত যোগ্যতার সনদ।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।
অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
পিএইচডি প্রার্থীদের জন্য দুটি সুপারিশপত্র ও গবেষণা প্রস্তাব।

আবেদনের শেষ সময় কবে?
২০২৭ সালের আগস্ট সেমিস্টারে ভর্তির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ মার্চ ২০২৭। নির্ধারিত সময়ের মধ্যে এআইটির অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

বৃত্তির শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে। আবেদনও জমা দিতে হবে প্রতিষ্ঠানটির অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি থাইল্যান্ডে উচ্চশিক্ষা ও গবেষণার একটি সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *