বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান ভাই’ (ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার) সম্বোধন করে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। দেশটির সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান। বৈঠকের আলোচনার বিষয়বস্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেন, ‘ইউ আর মাই ভ্যালুয়েড ব্রাদার। আপনার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’ বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে নয়, ব্যক্তিগতভাবেও তারেক রহমানকে মূল্যবান ভাই হিসেবে উল্লেখ করেন তুরস্কের প্রেসিডেন্ট। বাংলাদেশের কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা প্রধানমন্ত্রীকে জানাতে বলেন তিনি। এ ক্ষেত্রে তুরস্কের সামর্থ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এরদোয়ান।
প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা
দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতকে। এ খাতে বিনিয়োগ, যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠা এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও শিল্পভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেছেন তারা।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ
বৈঠকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর এ ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
বিশেষ করে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ সংকটের অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি অভিন্ন অবস্থান তৈরির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তৃত অংশীদারত্বের পথে
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক এখন আরও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগোচ্ছে বলে মনে করছেন হুমায়ুন কবির। তার মতে, বহুপক্ষীয় সম্মেলনের ব্যস্ত কর্মসূচির মধ্যেও তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এর মধ্যে সম্মেলনের প্রথম দিনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল অন্যতম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ, রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের অংশীদারত্ব নতুন মাত্রা পেতে পারে।








