লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রায় তিন ঘণ্টার কর্মসূচিতে জুলাই স্মৃতিস্তম্ভ, হাদি চত্বরের নামফলক, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।
রোববার (আজ) সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলে। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। এ সময় বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে সকাল ৮টা থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে গিয়ে সালাউদ্দিন খানের নেতৃত্বে মিছিল বের করেন। মিছিলটি বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়।
সেখান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে উল্লাস করেন তারা।
স্মৃতিস্তম্ভ ও নামফলকে ভাঙচুর
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিল নিয়ে যাওয়ার সময় লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালানো হয়। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে থাকা নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
একই কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন মিছিলকারীরা।
পুলিশের সাঁজোয়া যান ও বক্সে হামলা
কর্মসূচি চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসিটির পেছনের লুকিং গ্লাস এবং একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন তারা।
এদিকে এই কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও কর্মসূচি চলাকালে তাদের উল্লেখযোগ্য কোনো তৎপরতা চোখে পড়েনি।
ঘটনার বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়। তবে তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।








