কক্সবাজারের টেকনাফ উপকূলকে ব্যবহার করে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের একটি চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের শিকার হতে যাওয়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী নৌঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
উদ্ধার হওয়া পাঁচজন হলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর হায়দারপাড়া গ্রামের নাজির আহাম্মদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের সোলেমানের ছেলে মো. রাকিব হাসান (২২), পোড়াখালী গ্রামের এজাহার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের বক্কর আহাম্মেদের ছেলে মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রুহুল আমিনের ছেলে মো. রিদুয়ান মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, দক্ষিণ লম্বরী নৌঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে টহল দল ঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দলকে অবস্থান করতে দেখে।
এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌযান ঘাটের দিকে এগিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা নৌযানটিকে ধাওয়া করলে সেটি দিক পরিবর্তন করে আবার গভীর সমুদ্রের দিকে চলে যায়। অন্যদিকে, তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে সেখান থেকে সরে পড়েন।
পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যেই তাদের ওই এলাকায় নিয়ে আসা হয়েছিল।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় এ ধরনের অপরাধ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানবপাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে। উদ্ধার হওয়া পাঁচ ভুক্তভোগীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।








