জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকার পরিবর্তে এবার সরাসরি অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন তারা। শুধু তাই নয়, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়েও একসঙ্গে ভিসার আবেদন করতে পারবেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য জার্মানিতে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে এ সুবিধা চালু হচ্ছে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে। নতুন নিয়মে জার্মান সরকারের কনস্যুলার সার্ভিসেস পোর্টাল ‘আউসলান্ডসপোর্টাল’-এর মাধ্যমে ভিসার আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে।
গত ১৫ নভেম্বর ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ উদ্যোগের বিষয়টি জানানো হয়।
দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, নতুন পদ্ধতিতে আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীর দেওয়া নথিগুলোর প্রাথমিক যাচাই করবে দূতাবাসের সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএস। ফলে সরাসরি সাক্ষাৎকারের সময় কাগজপত্র যাচাইয়ের চাপ কমবে।
প্রাথমিক যাচাই শেষ হলে আবেদনকারীকে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় আঙুলের ছাপ ও ছবি সংগ্রহের পাশাপাশি ভিসা ফি গ্রহণ করা হবে। প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করা হবে। আবেদন জমা দেওয়ার পর সেটির অগ্রগতি সম্পর্কে অনলাইন পোর্টাল থেকেই জানতে পারবেন আবেদনকারীরা।
নতুন ব্যবস্থা চালুর কারণে চলতি বছরের শেষ নাগাদ পুরোনো ভিসা অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। ফলে আগে যারা অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছিলেন, তাদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। পুরোনো তালিকায় নাম থাকলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে নতুন পদ্ধতিতে স্থানান্তরিত হবে না।
তবে যেসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের অফার লেটার এবং ব্লক অ্যাকাউন্ট প্রস্তুত রয়েছে, তারা এখন থেকেই আবেদন করতে পারবেন। নতুন ডিজিটাল পদ্ধতিতে আবেদন যাচাইয়ের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করছে জার্মান দূতাবাস।
এ বিষয়ে জার্মান একাডেমি ঢাকা ও আইইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান শামীম আল মামুন আগামীর সময়কে বলেন, আগামী বছর থেকে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য জার্মান সরকারের নির্ধারিত ওয়েবসাইট digital.diplo.de ব্যবহার করতে হবে।
তিনি আরও জানান, আবেদন করার আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, ব্লক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে শামীম আল মামুন বলেন, ‘জার্মানি এবার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ করে দিয়েছে। এজন্য শিক্ষার্থীদের নিজেদেরই কঠোর পরিশ্রম করে আইইএলটিএস ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। জার্মানি যাওয়াই সফলতা নয়, সফলতা হচ্ছে আপনি সেখানে গিয়ে কী পড়ছেন ও করছেন।’
নতুন এ উদ্যোগের ফলে জার্মানিতে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অনলাইনভিত্তিক আবেদন, পরিবারের সদস্যদের সঙ্গে আবেদনের সুযোগ এবং অপেক্ষার সময় কমানোর উদ্যোগ শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে।








