বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ।
এই কার্যক্রমের মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবে পরীক্ষার পর্যায়ে প্রবেশ করল। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না রূপপুর বিদ্যুৎকেন্দ্র। প্রাথমিকভাবে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও কার্যক্রম যাচাইয়ের অংশ হিসেবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
দীর্ঘদিনের অপেক্ষা, ধারাবাহিক নির্মাণ ও কারিগরি প্রস্তুতির পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পৌঁছাল। এর আগে কেন্দ্রটির বিভিন্ন পর্যায়ে জটিল পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট এই পরীক্ষামূলক সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম যাচাই করা হচ্ছে। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে এ ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।
রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাটি বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। প্রথমবারের মতো পারমাণবিক উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় প্রবেশ করল।








