ফিজির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি থাকায় বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে ফিজি। এ সুযোগ কাজে লাগাতে নিয়োগপ্রক্রিয়া সহজ করা, ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো এবং কর্মীদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয় ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের শ্রম অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ও উঠে আসে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন। চলতি বছর নতুন করে দেশটিতে গেছেন আরও ৩ হাজার ৩০০ বাংলাদেশি। এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করছে বাংলাদেশ।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ ও অভিজ্ঞ বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে কাজের ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ ক্ষেত্রে ফিজির কোন কোন খাতে কী ধরনের জনশক্তির চাহিদা রয়েছে, তা বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে জানানোর প্রস্তাব দেন তিনি। চাহিদার ভিত্তিতে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া গেলে সংশ্লিষ্ট খাতে উপযুক্ত দক্ষতাসম্পন্ন জনবল পাঠানো সহজ হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ফিজিতে কর্মরত বাংলাদেশিদের কয়েকটি প্রশাসনিক সমস্যার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তরের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানানো হয়। বর্তমানে এ কাজে প্রায় তিন মাস সময় প্রয়োজন হয়। এ ছাড়া ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য কর্মীদের যেন দেশে ফিরে আসতে না হয়, সে ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বাংলাদেশ।
দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নিতেও ফিজি সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অন্যদিকে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি জানান, উচ্চশিক্ষা সম্পন্ন করার পর দেশটির অনেক নাগরিক কর্মসংস্থানের জন্য বিদেশে চলে যাচ্ছেন। ফলে স্থানীয় শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিদেশি কর্মীদের চাহিদা ক্রমেই বাড়ছে।
বাংলাদেশের আবহাওয়া ও সংস্কৃতির সঙ্গে ফিজির বেশ কিছু মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনাময় কর্মক্ষেত্র তৈরি হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে সচিব মো. মোখতার আহমেদ ফিজির শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন। তিনি জানান, দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, ফিজির শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ বাড়াতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, নিয়োগপ্রক্রিয়া সহজীকরণ এবং দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।








