মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সবশেষ

সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপি নেতা ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক। তিনি সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। তবে বেশ কিছুদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি অংশ নেননি। ওই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।

ওসমান ফারুকের পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অসন্তোষের বিষয়টিও আলোচনায় এসেছে। বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে থাকতে পারেন বলে মনে করছে দলটির ওই সূত্র।

এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

৮৬ বছর বয়সী ওসমান ফারুক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। তার পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *