বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সবশেষ

১৪ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে তিনতলা বাড়ি, সেই স্বপ্নের ঠিকানা ঘুরে দেখালেন সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে

প্রবাসজীবনের দীর্ঘ ১৪ বছর কেটেছে কর্মব্যস্ততায়। পরিবারের কাছ থেকে দূরে থেকে কঠোর পরিশ্রম করে উপার্জন করেছেন অর্থ। সেই উপার্জনের বড় একটি অংশ জমিয়ে দেশে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের বাড়ি। এবার সেই বাড়িতে সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে আমন্ত্রণ জানিয়ে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালেন বাংলাদেশের সুমন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সিঙ্গাপুরে দীর্ঘদিন কাজ করা সুমনের বাড়ির গল্প সামনে এসেছে ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’-এর একটি ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন এলাকার ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন বাড়িঘর তুলে ধরে পেজটি। সেখানে প্রকাশিত সুমনের বাড়ি পরিদর্শনের ভিডিওটি ইতোমধ্যে ৪৬ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে ১ লাখ ৬০ হাজারেরও বেশি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া ওয়ান।

ভিডিওতে দেখা যায়, কুমিল্লার বাসিন্দা সুমনের নির্মিত বাড়িটির নাম ‘হোসেন ভিলা’। প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের তিনতলা বাড়িটি নির্মাণে নিজের সঞ্চয় থেকে ব্যয় করেছেন প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার। বাড়িটির প্রবেশপথেই চোখে পড়ে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি সিঙ্গাপুরের পতাকা। দীর্ঘদিনের কর্মজীবনের সঙ্গে জড়িয়ে থাকা দুই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পতাকা দুটি স্থাপন করেছেন তিনি।

বাড়ির ভেতরে রয়েছে প্রশস্ত আঙিনা, নান্দনিক নকশায় তৈরি বড় প্যাঁচানো সিঁড়ি এবং তৃতীয় তলায় পাঁচটি শয়নকক্ষ। বাড়িটির নকশা ও অন্দরসজ্জায় সুমনের প্রবাসজীবনের অভিজ্ঞতারও প্রভাব রয়েছে। সিঙ্গাপুরে ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা নিজের বাড়ি নির্মাণের সময় কাজে লাগিয়েছেন বলে ভিডিওতে জানান তিনি।

তবে সুমনের কাছে বাড়িটি নির্মাণের আনন্দের পাশাপাশি আরও একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের কর্মজীবনে যাদের সঙ্গে তার পথচলা, তাদের সঙ্গে নিজের সাফল্য ভাগ করে নিতে চান তিনি। সেই ভাবনা থেকেই সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান এবং নিজের হাতে গড়ে তোলা বাড়িটি ঘুরিয়ে দেখান। ভিডিওতে নিয়োগকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বাড়িটি পরিদর্শন করে সুমনের এই অর্জনের প্রশংসা করেন তার নিয়োগকর্তা। তিনি জানান, পরিবারের সবাই একসঙ্গে থাকতে পারবে, এমন একটি বাড়ি নির্মাণ করতে পারা সত্যিই আনন্দের বিষয়। সুমনের দীর্ঘদিনের পরিশ্রমের লক্ষ্য পূরণ হতে দেখে তিনি খুশি বলেও জানান। একই সঙ্গে সুযোগ পেলে নিজের এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তাকে।

উল্লেখ্য, এত বড় বাড়ি নির্মাণ করলেও সুমনের প্রবাসজীবনের ইতি ঘটেনি। ভিডিওতে তিনি জানিয়েছেন, এখনো সিঙ্গাপুরে কাজ করছেন।

এদিকে ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সুমনের বাড়ির স্থাপত্যশৈলী, নকশা ও সৌন্দর্যবোধ নিয়ে প্রশংসা করছেন দর্শকরা। অনেকে তাকে অভিনন্দনও জানিয়েছেন। তবে বাড়িটির বাহ্যিক সৌন্দর্যের বাইরেও মানুষের কাছে এর আলাদা তাৎপর্য রয়েছে। দীর্ঘ ১৪ বছরের প্রবাসজীবন, পরিবারের জন্য ত্যাগ এবং নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে একজন অভিবাসী শ্রমিক কীভাবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন, ‘হোসেন ভিলা’ যেন তারই এক জীবন্ত উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *