পূর্ব লন্ডনে বাংলাদেশের দুই রাজনৈতিক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ঘটনাটিকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত কয়েকজন ব্রিটিশ রাজনীতিক বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। এমনকি সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন তারা।
এ বিষয়ে সরব হয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও প্রকাশ করে তারা দাবি করেছেন, বিদেশি নাগরিকদের রাজনৈতিক বিরোধ ও সহিংসতার দায় ব্রিটিশ সমাজকে বহন করতে হবে না।
ঘটনার সূত্রপাত স্থানীয় সময় গত সোমবার রাতে। পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির দৃশ্য দেখা যায়।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এনসিপি ও আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সংশ্লিষ্টতা নেই।
রুপার্ট লো আরও দাবি করেন, তার দল ক্ষমতায় এলে এ ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। তার পোস্টে বাংলাদেশি নাগরিকদের নিয়েও নেতিবাচক মন্তব্য উঠে আসে।
একই ঘটনাকে কেন্দ্র করে কঠোর অবস্থান জানিয়েছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষ এমন একটি বিরোধে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।
ফারাজের অভিযোগ, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করার ফলে এখন বিদেশিদের পারস্পরিক সংঘাতও দেশটির রাস্তায় ছড়িয়ে পড়ছে। ব্রিটেন ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, যেসব বিদেশি নাগরিক ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাদের বহিষ্কার করবে রিফর্ম ইউকে।
তবে ঘটনাটিকে শুধু অভিবাসন ইস্যু হিসেবে দেখেননি স্থানীয় সংসদ সদস্যরাও। চ্যাডওয়েল হিথ যে ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত, সেই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি জোরালো তদন্ত, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি স্পষ্ট করেছেন, সংঘর্ষের ঘটনাটি তার নির্বাচনি এলাকায় ঘটেনি। এটি চ্যাডওয়েল হিথ এলাকায়, যা ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অধীন।
এ ছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অন্যদিকে নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা, সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের কাছে ঘটনাটি কেবল প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যে অভিবাসন, সামাজিক সংহতি ও জননিরাপত্তার বিষয়গুলোও আলোচনায় এসেছে। বিশেষ করে রুপার্ট লো ও নাইজেল ফারাজের মতো অভিবাসনবিরোধী রাজনীতিকদের বহিষ্কারের দাবি নতুন করে দেশটির অভিবাসননীতি নিয়ে বিতর্কের ক্ষেত্র তৈরি করেছে।








