বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সবশেষ

ভিসার আশ্বাসে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা, অস্ট্রেলীয় হাইকমিশনের সতর্কতা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন অনেক বাংলাদেশি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার জাল বিস্তার করছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান। ভিসা নিশ্চিত করা, অল্প সময়ে চাকরি পাওয়া কিংবা দ্রুত আবেদন নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি অনেককে দেওয়া হচ্ছে জাল ভিসা অনুমোদনপত্র ও বিভ্রান্তিকর তথ্য।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় হাইকমিশন। ভুয়া মাইগ্রেশন ওয়েবসাইট, অননুমোদিত এজেন্ট, জাল অনুমোদনপত্র এবং বায়োমেট্রিকস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। একই সঙ্গে আবেদনকারীদের নিজেদের ভিসার অবস্থা সরাসরি অস্ট্রেলিয়া সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেই সতর্ক হোন
প্রতারকদের অন্যতম কৌশল হলো নিজেদের বৈধ মাইগ্রেশন এজেন্ট হিসেবে পরিচয় দেওয়া। অনেক ক্ষেত্রে তাদের ওয়েবসাইট, ইমেইল ঠিকানা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ দেখতে আসল প্রতিষ্ঠানের মতো মনে হয়। এসব মাধ্যমে অস্ট্রেলিয়ায় সহজে প্রবেশ, নিশ্চিত চাকরি কিংবা দ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবি করা হয়।

কিছু প্রতারক সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়া অনলাইন প্ল্যাটফর্মও তৈরি করে। এসব সাইটে পাসপোর্ট নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চাওয়া হতে পারে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের যোগাযোগের মাধ্যম হিসেবে শুধু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েও ভিসা ও চাকরির নিশ্চয়তা দেওয়া হয়।

হাইকমিশন জানিয়েছে, কোনো ব্যক্তি বা এজেন্ট অস্ট্রেলিয়ার ভিসা অনুমোদনের নিশ্চয়তা দিতে পারেন না। আবেদন যাচাই করে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র দপ্তর। ফলে কেউ শতভাগ ভিসা নিশ্চিত করার দাবি করলে সেটিকে প্রতারণার সম্ভাব্য সংকেত হিসেবে বিবেচনা করতে হবে।

এজেন্টের নিবন্ধন নম্বর যাচাই করুন
ভিসা আবেদনের জন্য এজেন্টের সহায়তা নেওয়ার প্রয়োজন হলে প্রথমেই তার বৈধতা নিশ্চিত হওয়া জরুরি। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অফিস অব দ্য মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটির (ওএমএআরএ) অনলাইন পোর্টাল ব্যবহার করে নিবন্ধিত এজেন্টের পরিচয় যাচাই করা যায়।

অস্ট্রেলিয়ায় নিবন্ধিত প্রত্যেক মাইগ্রেশন এজেন্টের একটি স্বতন্ত্র মাইগ্রেশন এজেন্ট রেজিস্ট্রেশন নম্বর (এমএআরএন) রয়েছে। এ নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির নিবন্ধনের তথ্য যাচাই করা সম্ভব। তাই শুধু প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট বা প্রচারণা দেখে কাউকে বৈধ এজেন্ট মনে করা উচিত নয়।

বায়োমেট্রিকসের ডাক মানেই ভিসা অনুমোদন নয়
ভিসা আবেদন প্রক্রিয়ায় অনেক সময় আবেদনকারীর আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়। এ জন্য অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বায়োমেট্রিকস দেওয়ার নির্দেশনা পাঠানো হয়। তবে এই চিঠি পাওয়ার অর্থ ভিসা অনুমোদন হয়ে গেছে, এমন নয়। এটি আবেদন যাচাইয়ের নিয়মিত একটি ধাপ।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিকস সংগ্রহের দায়িত্ব পালন করে ভিএফএস গ্লোবাল। অস্ট্রেলীয় কর্তৃপক্ষের চুক্তিভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ কেবল বায়োমেট্রিকস সংগ্রহ করা। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।

হাইকমিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি বায়োমেট্রিকসের চিঠিকে ভিসা পাওয়ার আগের শেষ ধাপ হিসেবে প্রচার করে আবেদনকারীদের বিভ্রান্ত করেন। আবার দ্রুত বায়োমেট্রিকস করিয়ে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থও দাবি করা হয়। এ ধরনের প্রলোভনে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজের ভিসার আবেদন নিজেই যাচাই করুন
প্রতারণা থেকে বাঁচতে আবেদনকারীদের নিজেদের ভিসার আবেদনের ওপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দিয়েছে অস্ট্রেলীয় হাইকমিশন। এ জন্য দেশটির স্বরাষ্ট্র দপ্তরের ‘ইমিঅ্যাকাউন্ট’ ব্যবহার করা যায়। এটি ভিসার আবেদন জমা দেওয়া, আবেদনের অগ্রগতি দেখা এবং সরকারি বার্তা পাওয়ার নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম।

কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলেও আবেদনকারীকে নিজের আবেদনের তথ্য দেখার সুযোগ দিতে হবে। সেখানে নিজের নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, নাগরিকত্ব এবং কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছে, তা যাচাই করা জরুরি।

বিশেষ করে বায়োমেট্রিকসের নির্দেশনায় উল্লেখ করা ভিসার ধরন এবং ইমিঅ্যাকাউন্টে থাকা আবেদনের তথ্য একই কি না, তা মিলিয়ে দেখতে হবে। কোনো এজেন্ট যদি আবেদনকারীর কাছে ইমিঅ্যাকাউন্টের তথ্য গোপন করেন কিংবা আবেদন দেখতে দিতে অস্বীকৃতি জানান, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

কারণ, আবেদনকারীর অজান্তে এক ধরনের ভিসার কথা বলে অন্য ধরনের ভিসার আবেদন জমা দেওয়ার ঘটনাও প্রতারণার অংশ হতে পারে।

জাল ভিসা অনুমোদনপত্র চিনবেন যেভাবে
এজেন্টের দেওয়া কোনো ভিসা অনুমোদনপত্র হাতে পেলেই সেটিকে আসল ধরে নেওয়া ঠিক নয়। চিঠির তথ্য অস্ট্রেলিয়ার সরকারি ইমিঅ্যাকাউন্টে পাওয়া বার্তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

এ ছাড়া দেশটির ‘ভিসা এনটাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন’ (ভিভো) ব্যবস্থার মাধ্যমেও ভিসার অবস্থা ও সংশ্লিষ্ট শর্ত যাচাই করা যায়। ফলে কোনো এজেন্টের দেওয়া কাগজের ওপর এককভাবে নির্ভর না করে সরকারি ব্যবস্থায় তথ্য নিশ্চিত করাই নিরাপদ।

টাকা দেওয়া ও ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কতা
ভিসা প্রক্রিয়ায় অর্থ লেনদেনের আগেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। কোনো এজেন্টকে টাকা দেওয়ার আগে তার নিবন্ধন, সেবার ধরন, চুক্তির শর্ত ও নির্ধারিত ফি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। ব্যক্তিগত ব্যাংক হিসাব কিংবা সন্দেহজনক কোনো মাধ্যমে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে পাসপোর্টের তথ্য, আবেদন নম্বর, ভিসার কাগজপত্র কিংবা সরকারি দপ্তরের পাঠানো ব্যক্তিগত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব তথ্য ব্যবহার করে প্রতারকেরা আবেদনকারীর ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্টের অপব্যবহার করতে পারে।

প্রতারণার শিকার হলে কোথায় অভিযোগ করবেন?
অস্ট্রেলিয়ার ভিসা জালিয়াতি কিংবা সন্দেহজনক মাইগ্রেশন কার্যক্রম সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র দপ্তরের ‘বর্ডার ওয়াচ’ ব্যবস্থায় অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। পাশাপাশি প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও বিষয়টি জানানো যেতে পারে।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগ্রহকে পুঁজি করে প্রতারণার ঝুঁকি বাড়ায় ভিসাপ্রত্যাশীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে নিশ্চিত ভিসা, দ্রুত চাকরি কিংবা অল্প সময়ে আবেদন নিষ্পত্তির প্রলোভনে অর্থ দেওয়ার আগে এজেন্টের বৈধতা যাচাই এবং সরকারি প্ল্যাটফর্মে নিজের আবেদনের তথ্য নিশ্চিত করাই হতে পারে প্রতারণা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *