শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সবশেষ

বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ

সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দরেই ছিনতাইকারীদের ফাঁদে পড়েন প্রবাসী মো. সুমন মিয়া। সাহায্য চাওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিন নারীর একটি চক্র। তবে তার চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া স্মার্টফোন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে আনসারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে ঢাকায় আসেন প্রবাসী সুমন মিয়া। বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিজের মালামাল রেখে ডলার ভাঙানোর জন্য ভেতরে যান তিনি। কাজ শেষে ফিরে এলে সেখানে অবস্থানরত তিন নারী তার কাছে সাহায্য চান।

তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানালে কৌশলে একজন নারী তার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে নেন। এ সময় চক্রের আরেক সদস্য তার হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

ঘটনাটি বুঝতে পেরে চিৎকার শুরু করেন সুমন। তার চিৎকার শুনে ক্যানোপি-২ এলাকায় দায়িত্ব পালনরত সহকারী আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের তাৎক্ষণিক অভিযানে চক্রের এক সদস্য মোছা. পাখি (২২) হাতেনাতে আটক হন। উদ্ধার করা হয় প্রবাসীর স্মার্টফোনটিও।

তবে এ সময় চক্রের অপর দুই নারী ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। আটক মোছা. পাখিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *