বাংলাদেশের ভিসা পেতে কলকাতা ও শিলিগুড়ির আবেদন কেন্দ্রের ওপর নির্ভরশীলদের জন্য আসছে সাময়িক অনিশ্চয়তা। আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের এই দুই শহরে বাংলাদেশের ভিসা আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাচ্ছে। সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং নতুন করে চুক্তি নবায়ন না করার সরকারি সিদ্ধান্তের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন গত ১৭ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র দুটির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
উপহাইকমিশন জানায়, ভিসা আবেদনসংক্রান্ত সেবা পরিচালনার জন্য বাংলাদেশ সরকার ও কলকাতাভিত্তিক প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছিল। আগামী ৩০ নভেম্বর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৩০ নভেম্বরের পর থেকে ওই দুই কেন্দ্রে নতুন করে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।
এ অবস্থায় আবেদনকারীদের ৩০ নভেম্বরের পর কলকাতা ও শিলিগুড়ির বিদ্যমান কেন্দ্র দুটিতে আবেদন জমা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে উপহাইকমিশন।
তবে নতুন করে কোথায় ভিসার আবেদন জমা দিতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। নতুন আবেদন কেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের নাম পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে উপহাইকমিশন।
এই পরিবর্তনের ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক ভারতীয়সহ অন্যান্য দেশের নাগরিকদের ভিসা আবেদন নিয়ে সাময়িক ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটিতে নিয়মিত আবেদন জমা দেওয়া ব্যক্তিদের নতুন ব্যবস্থা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রাখার কোনো ঘোষণা দেওয়া হয়নি। স্থগিতের বিষয়টি মূলত কলকাতা ও শিলিগুড়ির নির্দিষ্ট দুটি আবেদন কেন্দ্রের কার্যক্রমকে ঘিরে। ফলে বাংলাদেশে প্রবেশের ভিসা পুরোপুরি বন্ধ হচ্ছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
উল্লেখ্য, কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র দুটি থেকে বাংলাদেশে ভ্রমণেচ্ছুদের ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ পরিচালিত হতো। ভারতীয় নাগরিকদের অনেকেই পারিবারিক ও পূর্বপুরুষের সম্পর্কের কারণে বাংলাদেশে আসেন। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা, পর্যটনসহ নানা প্রয়োজনে দুই দেশের মধ্যে যাতায়াত করেন অনেকে।
শিলিগুড়ির সেভক রোডে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রটি চালু হয় ২০২২ সালে। এর আগে ২০২১ সালে কলকাতার সল্টলেকে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়েছিল।
নতুন আবেদন কেন্দ্র চালু এবং ভিসা জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এখন কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন আবেদনকারীরা।








