শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সবশেষ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসা ও অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার বিষয়ে নতুন করে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্ধারিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করলে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার (২১ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

ওই বার্তায় দূতাবাস জানায়, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তার সন্দেহ থাকলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। ভিসা পাওয়ার পর সেটি নির্ধারিত নিয়মে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর।

দূতাবাসের ধারাবাহিক এসব সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *