শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলা অবস্থায় নাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। শনিবার দুপুরে স্ত্রী নাদিয়ার সঙ্গে তার ভিডিও কলে কথা হচ্ছিল। আলাপচারিতার একপর্যায়ে পারিবারিক কলহের জেরে নাদিয়া বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। প্রবাসী স্বামী ভিডিও কলেই পুরো ঘটনাটি দেখতে পান।নিরুপায় হয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি দেশের বাড়িতে থাকা পরিবারের সদস্যদের জানান।
স্বজনরা দ্রুত বাথরুমের দরজা ভেঙে নাদিয়াকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








